পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরিবারের একাধিক সদস্যের অসুস্থতা, চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তিনি তাদের খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারটির জীবিকা নির্বাহের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ পরিচালিত হলে সমাজের একটি পরিবারও অবহেলিত থাকবে না।’ তিনি বলেন, বাউফলের জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উপজেলার প্রতিটি মানুষকে সমানভাবে বিবেচনা করতে হবে এবং সবার প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। নিজের দায়িত্ববোধ থেকে তিনি প্রতিটি মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী-নির্বিশেষে সব মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওلاদার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নানা সংকটে দিন কাটাচ্ছেন এবং তাদের সন্তানরাও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই উদ্যোগে পরিবারটির দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হওয়ার আশা দেখছেন স্থানীয়রা।






















