ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নির্ধারিত ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ নম্বর ফ্লাইট দুটি আপাতত বন্ধ রাখা হয়েছে। সংশোধিত সিডিউল অনুযায়ী ফ্লাইট পুনর্বিন্যাসের তথ্য দ্রুত জানিয়ে দেওয়া হবে।
সংস্থাটি সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিস্তারিত তথ্যের জন্য বিমান কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয় অফিসে যোগাযোগের পরামর্শ দিয়েছে।






















