বাংলাদেশে দ্বিতীয় একটি ‘কাফকো’ সার কারখানা স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সম্ভাবনাসহ উদীয়মান বিভিন্ন খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মারুবেনির প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই প্রস্তাব তুলে ধরে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের সুবিধাজনক পরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, প্রযুক্তিগত নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান।
বৈঠকে আগামী ১২ মাসের মধ্যে একটি আধুনিক এআই ডেটা সেন্টার চালু এবং বিদ্যমান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। দুই দেশের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও নতুন বিনিয়োগে গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।


























