সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো সুনামগঞ্জের ১৪ মাস বয়সী আরাব ও ১০ মাস বয়সী ইভা আক্তার এবং সিলেটের কোম্পানীগঞ্জের ছয় মাস বয়সী রাইয়ান। এ নিয়ে বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে, যার মধ্যে ১৮৬ জনই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এছাড়া সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৫ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাবরেটরিতে কারও শরীরে হাম নিশ্চিত না হলেও উপসর্গ নিয়ে আরও ১৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ১ হাজার ৯৫ জনের শরীরে রোগটি শনাক্ত করা হয়েছে।


























