দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে দলীয় সংসদ সদস্যদের দিকনির্দেশনা দিতে বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, সমসাময়িক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের বিশেষ বার্তা দেবেন। সাধারণত সংসদের অধিবেশন শুরুর প্রাক্কালে এ ধরনের বৈঠক ডাকা হলেও অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই এই জরুরি বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের মধ্যকার শৃঙ্খলা বজায় রাখা, দখল ও চাঁদাবাজির অভিযোগ মোকাবিলা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রস্তুতি ও সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কেও বৈঠকে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


























