স্তন ক্যানসার কেবল বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের জন্য অন্যতম গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে স্তন ক্যানসার শতভাগ নিরাময় সম্ভব, তাই নারীদের লজ্জা কাটিয়ে সচেতন হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আয়োজিত ‘স্তন ক্যানসারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য। ১৪তম স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও বিএমইউ-র অনকোলজি বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সংলাপ শেষে একটি গোলাপী শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় বক্তারা স্বাস্থ্য বাজেটের অন্তত ৪০ শতাংশ ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের ক্ষেত্রে বরাদ্দের প্রস্তাব করেন। এছাড়া অলাভজনক ও সেবামূলক ক্যানসার হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে দরিদ্র রোগীদের চিকিৎসা সুগম করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


























