মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা বাড়াতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বিএপি মেন্টাল হেলথ অলিম্পিয়াড ২০২৬’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত এই অলিম্পিয়াড শনিবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, ভবিষ্যৎ চিকিৎসকদের রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনার মানসিকতা তৈরি করতে হবে এবং নিজেদের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন।
বিএপির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ১৫০ জন শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশ নেন। বিজয়ী শিক্ষার্থীদের অর্থ পুরস্কার ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে মনোরোগবিদ্যায় ক্যারিয়ার গঠনের বিভিন্ন সম্ভাবনা ও দিক নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।


























