ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কার্যালয়ে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা এবং সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজের জন্য ৩২ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজারের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম রোববার শেষ হবে।






















