ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ, পুলিশি অ্যাকশন ও গণগ্রেপ্তারের ঘটনাকে বাংলাদেশের বিগত জুলাই গণ-অভ্যুত্থানের দমনপীড়নের সঙ্গে তুলনা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি দাবি করেছেন, নরেন্দ্র মোদির সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতোই পথ বেছে নিয়েছে।
শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভারতের তরুণ আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এসব মন্তব্য করেন।
সাদিক কায়েম লেখেন, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে দিল্লির রাজপথে নামা তরুণদের কণ্ঠরোধ করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লির বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডাকসু ভিপি বলেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা, মোড়ে মোড়ে তল্লাশি এবং নির্বিচার গ্রেপ্তার বাংলাদেশের জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দেন।






















