জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নতুন ওষুধ উদ্ভাবনের সুফল যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ পেতে পারে, তা নিশ্চিত করা জরুরি।
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মামুন আহমেদ উল্লেখ করেন, ওষুধবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানোচিকিৎসা এবং লক্ষ্যভিত্তিক চিকিৎসাপদ্ধতি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, যা ক্যানসারসহ নানা জটিল ব্যাধি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তবে গবেষকদের সবসময় উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে, যাতে প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা শুধু নির্দিষ্ট একটি শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
গবেষক ও শিক্ষার্থীদের মানবকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ওষুধ গবেষণায় নৈতিকতা, তথ্যের স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখা আবশ্যক। ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতার ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে এসব নীতিমালা মেনে চলার কোনো বিকল্প নেই।


























