রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়ায় খাগড়াছড়িতে এসে আটকা পড়েছেন শত শত পর্যটক। সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের অপসারণের দাবিতে রোববার থেকে এ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
সংগঠন দুটির যৌথ বিবৃতিতে অবরোধের ঘোষণা আসার পর দূর-দূরান্ত থেকে খাগড়াছড়িতে পৌঁছানো ভ্রমণপিপাসুরা চরম বিপাকে পড়েন। সাজেকগামী সকালের নির্ধারিত কনভয় বা স্লট বাতিল হয়ে যাওয়ায় অনেকেই জিনিসপত্র নিয়ে সড়কে অপেক্ষা করতে বাধ্য হন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে আসা পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে বেশি। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত অর্থ ব্যয় করে অনেকে স্থানীয় হোটেল, মোটেল ও রেস্টহাউসে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ সময় কাটাতে খাগড়াছড়ির স্থানীয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন।
পর্যটকদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি ও যানবাহন কল্যাণ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিশেষ পাহারায় তাদের খাগড়াছড়ি থেকে নিরাপদে সাজেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






















