জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন বা আইপিইউর কাছে বাংলাদেশ সম্পর্কিত সমস্ত ভুল ধারণার অবসান ঘটেছে। তানজানিয়ায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্পিকার উল্লেখ করেন, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর কোনো সত্যতা আইপিইউ খুঁজে পায়নি। সম্মেলনে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এই সম্মেলনের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ওই গ্রুপের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে এনেছেন।






















