নেত্রকোনার দুর্গাপুরে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন একটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে কাঁকৈরগড়া ইউনিয়নের বড়বাট্রা থেকে নয়ন মিয়ার পুকুরপাড় পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণ করছে ‘সমীরণ চৌধুরী’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার ৩০৫ টাকা। তবে কাজ শুরুর পর থেকেই মেকাডম পর্যায়ে রাবিশ মিশ্রিত অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, খোয়াগুলো এতটাই নিম্নমানের যে সামান্য চাপেই ভেঙে যাচ্ছে এবং এতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল হান্নান বালু মেশানোর কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে মূল ঠিকাদার সমীরণ চৌধুরী সমস্ত অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, মানসম্মত উপকরণ দিয়েই কাজটি পরিচালনা করা হচ্ছে।
ব্রেকিং নিউজ :






















