কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার ঘটনায় মাঠজুড়ে ধস্তাধস্তি ও ধাওয়াধাওয়ির স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। জগতপুর এলাকার একটি ফসলি খেত থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর স্থানীয়রা সেখানে বেশ কয়েকটি ধানখেতে লড়াইয়ের আলামত দেখতে পান।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের পাশেই একটি সিএনজি ও ভ্যানিটি ব্যাগ পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজিচালকের সন্ধানে অভিযান চলছে এবং নিহত ছাত্রীর বান্ধবীর মোবাইল ট্র্যাকিং করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

























