চট্টগ্রাম মহানগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে কেবল সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর কল্পলোক আবাসিক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত লিফলেট বিতরণ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র জানান, চসিকের অধীন ৪১টি ওয়ার্ডেই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জোনভিত্তিক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব এলাকায় আক্রান্তের হার বেশি, সেখানে লার্ভা ধ্বংসের পাশাপাশি খামখেয়ালিপনার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালপোলোক আবাসিক এলাকার অসম্পূর্ণ সড়কের খানাখন্দে পানি জমে এডিস মশার বংশবৃদ্ধির সুযোগ তৈরি হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নির্মাণকাজ শেষ করার তাগিদ দেন তিনি। উন্নয়ন প্রকল্প শেষ করে চসিকের কাছে হস্তান্তর করা হলে সড়কগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ সম্ভব হবে বলে উল্লেখ করেন মেয়র।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ঝুঁকি থাকে উল্লেখ করে বাসাবাড়ি ও উন্মুক্ত স্থানের জমে থাকা পানি নিয়মিত অপসারণের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে জ্বর বা কোনো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো এবং চসিকের মেমন হাসপাতালসহ চিকিৎসাকেন্দ্রে পরামর্শ নিয়ে স্যালাইন ও ডাবের পানিসহ পর্যাপ্ত তরল খাদ্য গ্রহণের নির্দেশনা দেন চসিক প্রধান।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় যুবদলের নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাবে। পুলিশ প্রশাসন ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে কল্পলোক আবাসিক এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়।


























