ঝিনাইদহের কালীগঞ্জে দুই কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একটি দ্বিতল হাটচাঁদনী ভবন নির্মাণের ছয় বছর পরও আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। ফলে সরকারি এই স্থাপনাটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ভবনের নিচতলায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করলেও দ্বিতীয় তলায় অন্য একটি প্রকল্পের নির্মাণ শ্রমিকরা বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এই প্রকল্পটির নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। ভবনটির দ্বিতীয় তলায় ৬২টি দোকান থাকলেও তা এখনো ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়নি। ফলে নিচতলায় ও আশপাশের জায়গায় ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানিয়েছেন, ভবনটি সংক্রান্ত একটি চিঠি তিনি এলজিইডি থেকে পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে দোতলায় শ্রমিকদের বসবাসের বিষয়টি তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।






















