রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি)-এর চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকট এখন কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বিস্তৃত ঝুঁকি তৈরি করছে। ব্রিটিশ প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট লাঘবে নিজেদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে টেকসই প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেয়। প্রতিনিধি দলটি বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা জানিয়েছে। এছাড়া বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ়করণ, বাণিজ্য, বিনিয়োগ এবং সংসদীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের এই প্রতিনিধিদলে এমপি শওকত আদম এবং হাউস অফ লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।






















