নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা অটোগ্যাস বাজারে না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য এবং বৈশ্বিক সরবরাহে নানা অস্থিরতা বিরাজ করলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে এলপিজির দাম সহনশীল রাখতে এবং এর জোগান সম্পূর্ণ স্বাভাবিক রাখতে সরকার বহুমুখী ও কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা জানান। তিনি স্পষ্টভাবে জানান, দেশের কোথাও নির্দিষ্ট মূল্যে এলপিজি সিলিন্ডার বা অটোগ্যাস না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা গণমাধ্যমে জোরালোভাবে তুলে ধরার জন্য আহ্বান জানানো হচ্ছে। সংবাদমাধ্যমে এই তথ্য আসার সঙ্গে সঙ্গেই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে।
আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার মাঝেও সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান জানান, খোলা বাজারে এই জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলার জেলা প্রশাসকদের (ডিসি) কাছে কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ডিসিদের নিয়ে বিশেষ অনলাইন সভা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে তদারকি কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের শীর্ষ নেতাদের সঙ্গেও সরকারের ধারাবাহিক আলোচনা চলছে। জ্বালানি মন্ত্রী এলপিজি আমদানিকারক, ডিস্ট্রিবিউটর ও বোতলজাতকারী ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক ফলপ্রসূ বৈঠক করেছেন, যেখানে ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের প্রত্যাশা, এসব সমন্বিত পদক্ষেপে এলপিজি বাজারের কৃত্রিম সংকট ও অসন্তোষ দ্রুত দূর হবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কেবল অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করাই একমাত্র সমাধান নয়; সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে যেখানে ব্যবসায়ীরাও তাদের ন্যায্য প্রফিট পান এবং বাজারে কোনো সরবরাহ ঘাটতি তৈরি হয় না।






















