গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলাকে যুদ্ধাপরাধ বলে তীব্র সমালোচনা করেছেন প্রখ্যাত জার্মান-ইহুদি গায়ক ও গীতিকার উলফ বিয়ারম্যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।
আগামী মাসে ৯০ বছরে পদার্পণ করতে যাওয়া এই বিশিষ্ট শিল্পী ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নেওয়ার আগে জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে একটি সাক্ষাৎকার দেন। উল্লেখ্য, হলোকাস্টের সময় বিয়ারম্যানের পরিবারের সদস্যরা নাৎসি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু ও তাঁর অনুসারীদের কটাক্ষ করে বিয়ারম্যান বলেন, গাজা উপত্যকায় বর্তমানে যা ঘটছে তা অবশ্যই যুদ্ধাপরাধ, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই পরিস্থিতি বিশ্বজুড়ে বহু মানুষকে ব্যথিত করছে এবং একজন ইহুদি হিসেবে তাঁর কাছে এটি আরও বেশি যন্ত্রণাদায়ক।
জার্মানিতে সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষ বৃদ্ধি পাওয়ার পেছনে নেতানিয়াহু এবং তাঁর ডানপন্থী সরকারকে দায়ী করেন বিয়ারম্যান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে সবচেয়ে বিপজ্জনক ইহুদিবিদ্বেষীরা ইসরায়েলেই বাস করছে এবং তারা দেশটিকে একটি দমনমূলক রাষ্ট্রে পরিণত করছে। একটি গণতান্ত্রিক ও মানবিক ইসরায়েল গড়ে তোলার যে স্বপ্ন তাঁর ছিল, তা এখন বিলীন হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।























