রাজধানী ঢাকার যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে প্রকল্পের বর্তমান পরিকল্পনা পর্যালোচনার তাগিদ দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পথে বিদ্যমান সব প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা নিরসনের নির্দেশ দেন।
কাজের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নগর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























