জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং যুবশক্তিকে দক্ষ ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার লক্ষে দেশের নয়টি জেলায় একযোগে একটি গুরুত্বপূর্ণ পাইলট প্রজেক্টের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার (৪ অক্টোবর ২০২৬) সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন সংস্থায় কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এই পাইলট প্রজেক্টের প্রথম পর্বের প্রশিক্ষণ কার্যক্রমের জন্য নির্বাচিত নয়টি জেলা হলো—ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী এবং রাজশাহী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের মূল তাৎপর্য বুঝিয়ে বলেন যে, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমেই কেবল জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তিনি সকল প্রশিক্ষণার্থীকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন।
এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসি সদস্যদের নিজ নিজ প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক তত্ত্বাবধানে আনসার-ভিডিপি এবং স্কাউটস সদস্যদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ক প্রশিক্ষণও পরিচালনা করা হচ্ছে। জাতীয় এই পাইলট প্রজেক্টের কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।






















