নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় বুধবার ভোরে আগুন লাগে। ঘটনাটি ঘটে পশ্চিম ধর্মঘাট এলাকার ঢালি পাড়ায়।
খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে হঠাৎ কারখানার ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো কারখানা জুড়ে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল হালিম জানান, দ্রুত দুইটি ইউনিট পৌঁছানোর কারণে আগুন আর বিস্তৃত হতে পারেনি। তিনি বলেন, কারখানায় প্লাস্টিকজাত পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনের সঠিক কারণ এবং ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত চলছে।
















