ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে ভারতে প্রবেশাধিকার দেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না। শনিবার দুপুরে বে অব বেঙ্গল কনফারেন্স শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, পুরনো বন্ধু হিসেবে ভারতের যা করণীয়, তারা তাই করেছে। ওই সময় শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দেওয়া হলে কী পরিস্থিতি তৈরি হতো, তা কারো জানা ছিল না।
তিনি আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী নিজেদের উদ্যোগে ভারতে নিয়ে আসেনি। তিনি বাংলাদেশের সামরিক বিমানে করেই দেশটিতে পৌঁছান।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে হাইকমিশনার জানান, বিষয়টি একটি আইনি কাঠামোর মধ্যে রয়েছে এবং তা চলমান রয়েছে। ফলে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।























