দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫২টি শিশু। শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুলেটিনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর প্রাণহানি হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে ৪৩টি শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১০৯ জন শিশু হামের উপসর্গজনিত রোগী হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩টি শিশু নতুন করে চিকিৎসা নিতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৮২৩টি শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
বিজ্ঞপ্তিতে মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবের সার্বিক চিত্র তুলে ধরে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে কেবল হামের উপসর্গ নিয়েই মারা গেছে মোট ১ হাজার ২০টি শিশু। আর চিকিৎসায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০২টি শিশু। অর্থাৎ এ সময় পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২২টি শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে ২১,৬৬৬ জন। এই দীর্ঘ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছে ১ লাখ ৭৩ হাজার ২৪টি শিশু; যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শিশু চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করেছে।


























