আসন্ন ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ থেকে তরুণদের চাকরি খোঁজার জন্য কোনো ডিপ্লোমা বা কাগজ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘থ্রি জিরো’ পরিকল্পনা নিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, যার মূলমন্ত্র হবে—‘আমরা উদ্যোক্তা, চাকরির প্রার্থী নই; চাকরির স্রষ্টা’। শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার পাশাপাশি নতুন ব্যবসা সৃষ্টি করবে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামীণ ব্যাংকের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করে ড. ইউনূস বলেন, ব্যাংকের যাত্রার শুরু থেকেই প্রযুক্তির ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছিল। সে সময় বিদ্যুৎ বা আধুনিক যোগাযোগ ব্যবস্থা না থাকলেও জেনারেটর চালিয়ে কম্পিউটার বসিয়ে তথ্য সংগ্রহ করা হতো এবং উপায়ে ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো।
গ্রামীণফোনের শুরুর যাত্রার কথাও স্মরণ করে তিনি জানান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে গ্রামীণ জনপদে পরিবর্তন আনার যে প্রচেষ্টা অতীতে শুরু হয়েছিল, আজ তা আরও সম্প্রসারিত হয়েছে। ড. ইউনূসের এই বক্তব্যে গ্রামীণ ব্যাংক ও আধুনিক ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের পথপরিক্রমা এবং তরুণ প্রজন্মের উদ্যোক্তা হয়ে ওঠার দূরদর্শী চিন্তার বিষয়টি উঠে আসে।






















