সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কঠোর বাস্তবায়ন হিসেবে নিজ দলের সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। বুধবার রাতে এ নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়েও তাঁকে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে এমন দ্রুত ও কঠোর দলীয় ব্যবস্থার নজির বিরল। অতীতে বিভিন্ন সরকারের আমলে সংসদ সদস্য বা প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও দুর্নীতির গুরুতর অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়ার নজির তৈরি হয়নি। তারেক রহমানের এই সিদ্ধান্ত রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা ‘অপরাধের দলীয় সুরক্ষার’ সংস্কৃতি ভাঙার এক বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এর আগেও শৃঙ্খলাভঙ্গ এবং অপকর্মে জড়ানোর অভিযোগে দলের সহস্রাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তারেক রহমান দল ও সরকারকে পরিচ্ছন্ন রাখার স্পষ্ট অবস্থান প্রকাশ করলেন, যা দেশের রাজনীতিতে সন্ত্রাস ও দুর্নীতি রোধে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।






















