সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে ‘পলাতক শক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যা থেকে বর্তমানে উত্তরণের চেষ্টা চালাচ্ছে সরকার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও বাস্তবায়িত হচ্ছে। বেশ কয়েকটি মামলায় আদালত তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন এবং অনেক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
মাগুরা জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।






















