নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার পর্বতশিবির থেকে আরও আটটি মরদেহ উদ্ধার করলে মোট নিহতের সংখ্যা বৃদ্ধি পায়।
গত রবিবার ভোরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতায় অবস্থিত ওই বেস ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। ৪ মিটারেরও বেশি গভীর তুষারের স্তরের নিচে চাপা পড়া তাঁবুগুলো থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন অভিজ্ঞ উদ্ধারকর্মীরা। তুষারধসের সময় বিদেশি কোনো পর্বতারোহী দুর্ঘটনাস্থলে ছিলেন না, মারা যাওয়া সকলেই স্থানীয় অভিযাত্রীকর্মী। বর্তমানে আরও এক কর্মী নিখোঁজ রয়েছেন, তবে তাঁকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের আটটিই নেপালে অবস্থিত হওয়ায় দেশটির অর্থনীতি পর্বতারোহণ ও ট্রেকিং পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালে ভূমিকম্পে ১৮ জনের মৃত্যুর পর হিমলুং পর্বতের এই দুর্ঘটনাকে নেপালের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ পর্বত দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।























