লক্ষ্মীপুরের রায়পুরে পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় অসাধু সিন্ডিকেটের কারসাজিতে সরকার নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক, নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, গত মাসেও রায়পুরের বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১,৬০০ থেকে ১,৬৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২,০০০ থেকে ২,২০০ টাকায় পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) সরেজমিনে রায়পুরের প্রধান প্রধান বাজার ঘুরে এ নৈরাজ্যের সত্যতা পাওয়া যায়। নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, পাইকারি গোডাউনে পর্যাপ্ত সিলিন্ডার মজুদ থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে তা বিক্রি করা হচ্ছে। তবে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায় থেকেই তাঁদের বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অতি দ্রুত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি জোরদার করা হবে। কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দাম আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

























