সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন চার ডেঙ্গু রোগীই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই হাসপাতালে বর্তমানে সর্বোচ্চ ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনসহ বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা ভর্তি আছেন।
পরিসংখ্যান অনুযায়ী, চলত বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৮৭ জন হবিগঞ্জ জেলায় এবং সুনামগঞ্জে ৯৯, সিলেটে ৯৪ ও মৌলভীবাজারে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে আসা ১৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি বছর বিভাগটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।


























