চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা সদস্যসচিব ও বিএনসিসি সদস্য মো. আরাফাত রহমানকে (২১) মারধর করার অভিযোগ উঠেছে আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
হামলার শিকার আরাফাত রহমান আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় দেওয়া এজাহারে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের আনারুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজল আলী (২১), আলমডাঙ্গা স্টেশনপাড়ার মৃত সাইফুল ইসলাম কনকের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফালী (২০), আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়ার সাংবাদিক বশিরুল ইসলামের ছেলে ও ছাত্রলীগ কর্মী মো. স্বপ্নীল (২০)সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আরাফাত রহমান। তার অভিযোগ, ওই পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা তাকে মারধর ও হুমকি দিয়ে আসছিলেন। বুধবার দুপুরে আলমডাঙ্গা সরকারি কলেজে বিএনসিসি সদস্যদের নিয়ে কাজ করার সময় প্রথম অভিযুক্ত মো. কাজল আলীসহ অন্যরা তার ওপর হামলা চালান। হামলার সময় সরকারের সমালোচনা করে ফেসবুকে কেন পোস্ট করা হয়েছে, তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগ লাগিয়ে তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, প্রথম অভিযুক্ত মো. কাজল আলী বিএনসিসি ক্যাডেট প্রশিক্ষণে ব্যবহৃত ডেমো রাইফেল দিয়ে আরাফাতের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আঘাতটি তার বাম হাতের কাঁধের ওপর লাগে এবং সেখানে গুরুতর জখম হয়। এরপর তিনি মাটিতে পড়ে গেলে দ্বিতীয় অভিযুক্ত সাইফালী জিআই পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তৃতীয় অভিযুক্ত মো. স্বপ্নীল কাঠের বাটাম দিয়ে তার ডান হাত ও ডান পায়ে আঘাত করেন বলে এজাহারে দাবি করা হয়েছে। আঘাত ঠেকাতে গিয়ে তার ডান হাতেও থেতলানো, কালশিরা ও ফোলাজনিত জখম হয়েছে বলে আরাফাত জানান। আরাফাতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।






















