যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার সঙ্গে ইরানের যোগসূত্র থাকার জোরালো ইঙ্গিত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে তেহরান। গত বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম এই মন্তব্য করেন।
ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে কথিত নাশকতার চেষ্টার ঘটনায় সম্প্রতি পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসবাদ ও বিস্ফোরক আইনে তাদের গ্রেপ্তার করা হলেও এক দিন পরেই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন যে, এর পেছনে বিদেশি কোনো শক্তির ইন্ধন থাকতে পারে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে যৌথভাবে তদন্ত করছে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন অভিযোগ সরাসরি অস্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে এর কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, সন্দেহভাজনদের ছেড়ে দেওয়ার ঘটনা থেকেই পরিষ্কার যে যুক্তরাজ্য সরকার ভুল জায়গায় তদন্ত চালাচ্ছে। উল্লেখ্য, লন্ডনের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফেয়ারফোর্ড ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে।























