ফেনীর উদ্দেশে সরকারি সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় উপস্থিত হয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়াও সফরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






















