ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে নাম পরিবর্তনের কাজ শুরু করেছে হল প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দুয়েক দিনের মধ্যে মূল ফটকে পুনরায় আগের নাম লেখা হবে।
হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জবান আলী জানিয়েছেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হলের নাম সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর শিক্ষার্থীদের উদ্যোগে হলের নাম পরিবর্তন করা হয়েছিল। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় হল প্রশাসন এই পদক্ষেপ বাস্তবায়ন করছে।






















