প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আসার খবরে সড়কের মোড়ে মোড়ে জড়ो হয়ে দুই পাশে অবস্থান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ফেনী সফর।
সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার এই আগমনকে ঘিরে মহাসড়কে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীকে সরাসরি একনজর দেখার জন্য সকাল থেকেই তারা মহাসড়কে অবস্থান করছেন। কুমিল্লা বিভাগীয় ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন, মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।






















