পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল বেসড ও সম্পূর্ণ পেপারলেস করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ঐতিহ্যগত ধারা থেকে বের হয়ে সম্পূর্ণ বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক এবং পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা প্রদান করেন। দেশের পুঁজিবাজার এবং আর্থিক খাতের আধুনিকায়নের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার পেছনে মূল লক্ষ্য ছিল বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয়কে আইসিবির মাধ্যমে মূলধন বাজারে এনে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করা।
তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত রিটেইল (খুচরা) বিনিয়োগকারী নির্ভর। সারা বিশ্বে ক্যাপিটাল মার্কেট প্রধানত ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের পুঁজিবাজারকে রিটেইল-বেসড অবস্থান থেকে ইনস্টিটিউশনাল-বেসড মার্কেটে পরিণত করতে আইসিবিকে ভূমিকা পালন করতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জোর দিয়ে বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের শীর্ষ পদগুলোতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের সুদৃঢ় নীতি অনুযায়ী কোনো ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ প্রদান করা হবে না।
মন্ত্রী বলেন, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ এবং আইসিবিসহ পুঁজিবাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি জানান, এখন থেকে লিস্টিং অ্যাপ্লিকেশন, পারমিশন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমস্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।


























