ঢাকার ধামরাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ দুই ডিলারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাথুলী বাজার ও বাড়বাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। তিনি জানান, ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে সূতিপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা এবং সেলিম এন্টারপ্রাইজকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।






















