রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, চলতি বছরের শুরুতেই মেডিকেল সেন্টার সংস্কার ও লজিস্টিক সাপোর্ট বাড়াতে তারা প্রশাসনকে প্রস্তাবনা দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানান তিনি। চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপি এই উপহারকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অ্যাম্বুলেন্স সংকট লাঘব হবে।






















