প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মায়ের পৈতৃক জেলা ফেনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও সরকারপ্রধান তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজী উপজেলার শ্রীপুরে অবস্থিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের কাছে এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। খালেদা জিয়া এই জেলার ফেনী-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরিবারের সঙ্গে দীর্ঘদিনের এই রাজনৈতিক ও আত্মিক সম্পর্কের কারণে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয়ে বাস্তবায়িত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজের উদ্বোধন করবেন। এছাড়া ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং জেলা পরিষদ ডাকবাংলোর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।






















