প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। মহাসড়কের এই অংশে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রায় ১ হাজার ২৫০ জন সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে পরশুরামে সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেল তিনটায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকেই তিনি ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর সড়কপথের যাতায়াত নিরাপদ রাখতে কুমিল্লা অংশে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মহাসড়কে চার স্তরের নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সার্বিক নজরদারি রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হ্যালিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে।






















