ঢাকার ধামরাইয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বিএনপি নেতার ডিলার পয়েন্টসহ দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাথুলী বাজার ও বাড়বাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জানা যায় যে ক্রেতাদের বাধ্য করা হচ্ছিল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে, যা নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছিল। এর প্রেক্ষিতে সূতিপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা এবং সেলিম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।






















