রাজধানীর মিরপুর-১০ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
বুধবার দুপুরে সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, উচ্ছেদ অভিযানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে জানা গেছে।
চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ধরনের তালিকা পুলিশের কাছে সবসময়ই থাকে। একইভাবে সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকাও পুলিশের কাছে রয়েছে এবং সেগুলো নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো তালিকা করা হয়েছে এমন বিষয় নেই বলেও তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করছে। অভিযোগ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ৯৯৯ নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার ও মামলা গ্রহণ করছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুর ১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবলের তার খুলে ফেলা হচ্ছিল। একপর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।






















