নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে অবস্থিত ২৩ ভেন্টের রেগুলেটরটি ভেঙে যায়। এর ফলে ছোট ফেনী নদী ও আশপাশের এলাকায় মারাত্মক নদীভাঙন, আকস্মিক বন্যা ও তীব্র জলাবদ্ধতার ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছিল। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই অবর্ণনীয় দুর্ভোগ লাঘব এবং পানি নিষ্কাশনব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষ্যেই নতুন করে এই মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের মানুষ। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল এক প্রতিক্রিয়ায় আশা প্রকাশ করে বলেন, প্রকল্পের কাজ দ্রুত শুরু ও যথাযথভাবে বাস্তবায়িত হলে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের নদীভাঙন ও বন্যার ঝুঁকি স্থায়ীভাবে হ্রাস পাবে। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে কৃষি, মৎস্য খাত এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান বহুলাংশে উন্নত হবে।






















