হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
তিনি বলেন, হৃদরোগের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে অবহেলা করা উচিত নয়। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগেই সর্বাধিক মানুষ প্রাণ হারান। তাই এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা সবাই সচেতনতার গুরুত্ব উপলব্ধি করলেও অনেক সময় তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করি না, যা হৃদরোগের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
চিকিৎসকদের সমাজের অন্যতম শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, সৃষ্টিকর্তার পরেই চিকিৎসকেরা মানুষের ভরসাস্থল। মানুষের দুর্দিনে তাঁরা সবার আগে পাশে দাঁড়ান। করোনা মহামারি থেকে শুরু করে ডেঙ্গু ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁদের এই মানবিক ও পেশাগত দায়িত্ববোধ দেশের মানুষের জন্য সবসময় অনুকরণীয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ। এর আগে মন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।


























