প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষা করে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং সম্পর্ক বজায় রাখবে। কোনো ধরনের শর্ত বা চাপের মুখে সরকার নতি স্বীকার করবে না। সামরিক বা বেসামরিক কোনো সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও দেশের প্রয়োজনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, এই অনভিপ্রেত ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপির নাম নানা সময়ে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই এই ধরনের অপপ্রচারের রাজনীতি চলে আসছে। সরকারের কাছে চাঁদাবাজদের সুনির্দিষ্ট তালিকা রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এলপি গ্যাসের বাজার পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে এলপি গ্যাসের কোনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি করে কেউ দাম বাড়াতে চাইলে কঠোর হাতে তা দমন করা হবে। বিগত সময়ের তুলনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল রয়েছে এবং অবশিষ্ট সমস্যাগুলোও দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















