দেশের আবাসন ব্যবসায় বিভিন্ন জটিল নিয়ম-কানুন ও বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে এই খাত ক্রমেই সংকটের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেছেন, আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)-সহ সব অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করা জরুরি।
সোমবার রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আয়োজিত আবাসন ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান বাস্তবতায় আবাসন ব্যবসা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধান যুক্ত হওয়ায় ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান জড়িত থাকায় এ সংকটের প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।
মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খাতটিকে টেকসই ও গতিশীল রাখতে সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন বক্তারা।
সভায় অংশগ্রহণকারী ডেভেলপাররা মাঠপর্যায়ের বিভিন্ন জটিলতা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে তাদের সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন এবং খাতটির উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


























