দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে সারের কোনো প্রকৃত সংকট না থাকলেও একটি রাজনৈতিক মহলের ইন্ধনে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। প্রতিমন্ত্রী জানান, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর ও নড়াইল জেলায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হলেও চট্টগ্রাম, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও সিলেটে সারের কোনো ঘাটতি নেই।
জনগণকে বিভ্রান্ত করতে এবং সরকারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই কিছু নির্দিষ্ট এলাকায় দলীয় লোকজন ও ডিলারদের মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করেন মীর শাহে আলম। এই কৃত্রিম সংকট চিরতরে দূর করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে নতুন ডিলার নিয়োগের পাশাপাশি নিয়মিত মনিটরিং ও গুদামগুলো কঠোর নজরদারিতে রাখার ঘোষণা দেওয়া হয়। এছাড়া বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম সমন্বয় ও বিদ্যুৎ খাতের সমস্যাগুলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উল্লেখ করে তিনি বর্তমান সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। পরে তিনি রংপুরে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় যোগ দেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন।






















