হৃদরোগের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে অবহেলা না করে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সচেতনতার গুরুত্ব সবাই বুঝলেও বাস্তব জীবনে তা কার্যকর করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির। স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে করোনা মহামারী, ডেঙ্গুর প্রাদুর্ভাব ও নানা প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগী ভূমিকার কথা স্মরণ করে তাদের সমাজের অন্যতম শ্রেষ্ঠ মানুষ ও মানুষের ভরসাস্থল হিসেবে আখ্যায়িত করেন।
এর আগে সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাঁর নেতৃত্বে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।






















