বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রথমবারের মতো উদযাপিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে দেশের সিনেমাকে কেবল ব্যবসায়িক হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, প্রতিটি চলচ্চিত্রই সমাজের জন্য একটি সুনির্দিষ্ট ও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করতে পারে, আর এটাই হওয়া উচিত চলচ্চিত্রের মূল চরিত্র।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চলচ্চিত্র পরিচালক সমিতির বিশেষ এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী অতীত চলচ্চিত্রের স্মৃতিচারণ করেন। তিনি প্রখ্যাত অভিনেত্রী ববিতার কালজয়ী সংলাপ এবং প্রয়াত খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের সৃষ্টিশীল কাজের উদাহরণ টেনে বলেন, আগের দিনের সিনেমাগুলো দর্শক হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলত কারণ সেগুলোতে স্পষ্ট বার্তা থাকত। বর্তমান সমাজের বাস্তবতায় প্রায় ১ কোটি ২০ লাখ তরুণ প্রজন্মের মাদকের সাথে জড়িয়ে পড়া, সামাজিক বৈষম্য ও গণতান্ত্রিক মূল্যবোধের মতো বিষয়গুলো বেশ উদ্বেগজনক। এ ধরনের সামাজিক ব্যাধি ও সংকটগুলোকে কেন্দ্র করে চলচ্চিত্র তৈরিতে প্রযোজক ও পরিচালকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আশ্বস্ত করেন, সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে শক্তিশালী মাধ্যম হিসেবে চলচ্চিত্র তৈরিতে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করবে।
নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং চলচ্চিত্র অঙ্গনের সকল কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সিনেমাকে আবারও তার সোনালী ঐতিহ্যের স্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল এবং এটি সঞ্চালনা করেন সদস্য দেবাশীষ বিশ্বাস।
আয়োজনে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রখ্যাত পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এছাড়া দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে দেশীয় চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার অনন্য অবদানের জন্য ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

























