ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে মন্তব্য করায় জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, শেখ হাসিনার একটি ফেসবুক পোস্টে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করলে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে প্রক্টর অফিস থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাব্বি হোসেন দাবি করেন, তিনি সার্কাজম বা ব্যঙ্গ করে ওই মন্তব্য করেছিলেন এবং তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


























